রংপুরের বদরগঞ্জে যৌতুকের দাবিতে স্বামীর ধারাবাহিক শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিমি আক্তার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় শিবপুর এলাকার গুয়াতিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী রমজান আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে রমজান আলীর সঙ্গে মিমির বিয়ে হয়। বিয়ের সময় মিমির বাবা আনিছুল ইসলাম সাধ্যমতো দেড় লাখ টাকা নগদ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দিয়েছিলেন। কিন্তু বিয়ের ছয় মাস না পেরোতেই রমজান আরও দুই লাখ টাকা দাবি করেন। সেই টাকা দিতে না পারায় মিমির ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও রমজান নিজেকে সংশোধন করেননি। এমনকি মিমির নিরাপত্তার কথা ভেবে তার বাবা ২০২৪ সালে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।নিহতের বাবা আনিছুল ইসলাম অভিযোগ করেন, গত বৃহস্পতিবারও যৌতুকের দাবিতে মিমিকে প্রচণ্ড মারধর করেন রমজান। একপর্যায়ে রমজান তাকে গালিগালাজ করে ‘মরে যাওয়ার’ কথা বলেন। শুক্রবার দুপুরে মেয়ের খোঁজ নিতে গেলে রমজান তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর মধ্যরাতে আসে মিমির মৃত্যুর খবর। এ ঘটনায় আনিছুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাতার বিরুদ্ধে মামলা করেছেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার সংবাদকে বলেন, মিমির শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। গলায় ফাঁসের চিহ্ন দেখে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহটি শয়নকক্ষের মেঝেতে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।ওসি আরও জানান, এটি রমজানের দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্ত্রীর ওপরেও তিনি একই ধরনের নির্যাতন চালাতেন বলে তথ্য পাওয়া গেছে। মামলার পর পরই রমজানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।নিহত মিমির দুই বছরের এক শিশুসহ দুটি সন্তান রয়েছে। মায়ের মৃত্যু আর বাবার কারাবাসে শিশু দুটি এখন দিশেহারা।
রাজনীতি
বদরগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

শেয়ার করুন







