রংপুরের বদরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে হৃদয় বাবু (৩১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৭ জুন) রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হৃদয় বাবু ওই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হৃদয়ের সঙ্গে তার স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।/