বাগেরহাট জেলা শহরের হাড়িখালী এলাকায় নিজাম উদ্দীন (৪২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে শহরের তেঁতুলতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত নিজাম উদ্দীন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এবং জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজাম উদ্দীন শহরের চেম্বার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত একটার দিকে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, নিহতের পিঠ ও পাঁজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের তদন্ত শুরু হয়েছে।\
অপরাধ
বাগেরহাটে আইনজীবীকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন





