রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ভাই মাসুদ রানা বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার (২৫ জুলাই) সকালে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন: কাফরুলে গুলি করে যুবদল কর্মীকে হত্যা, আহত ২

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের সামনে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুলসহ কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সময় ৩-৪ জন যুবক ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।

যুবদল কর্মীরা তাদের পরিচয় ও ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। বুকে গুলিবিদ্ধ ইউসুফসহ অন্য দুই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত ১২টার দিকে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরপরই স্থানীদের সহায়তায় অস্ত্রসহ চঞ্চল নামে এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। হামলায় মোট চারজন অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। চঞ্চলকে বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।