রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া কথিত শুটার চঞ্চল মোল্যাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী ভূঁইয়া আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন
কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবুসহ কয়েকজন স্থানীয় ইউসুফ আলীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে চঞ্চল মোল্যা ও তার এক সহযোগী ইউসুফকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে।
গুলিটি ইউসুফের বুকের ডান পাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালালে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেনও গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
ঘটনার পর পালানোর চেষ্টা করলে মিরপুর-১৩ এলাকার একটি দোকানের সামনে থেকে স্থানীয় জনতা চঞ্চল মোল্যাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলার পাশাপাশি অস্ত্র আইনেও চঞ্চল মোল্যার বিরুদ্ধে পৃথক একটি মামলা করা হয়েছে।
এমডিএএ/এমএমকে








