রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডের পরিত্যক্ত সুধাসদন ভবন থেকে মোহাম্মদ শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) দুপর ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ওয়াদুজ্জামান বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ধানমন্ডি সুধাসদনের পরিত্যক্ত ভবন থেকে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করি। পরে তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। 

তিনি আরো জানান, সিআইডি ক্রাইম টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত করে। তিনি মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।