রাজধানীর কাফরুলের ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে ঘটনাটি ।
নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। আহতরা হলেন- নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও আবুল হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে মিরপুর-১৩, ই- ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাতনামা ৪-৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত ১২টার দিকে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।গুলিবিদ্ধ দুইজন চিকিৎসাধীন।
তিনি আরো জানান, আহত মনিরের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায় তার পিতা মালেক শিকদার। তার বাম পায়ে গুলি লেগেছে। তিনি ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন। নালাম সরদারের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলা বানিয়া গ্রামে। তার বাবার নাম ইয়াসিন সরদার। তার মাথার ডান পাশে গুলি লেগেছে। তিনি ফুটপাতে কাঁচামালের ব্যবসায়ী তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “কাফরুল এলাকা থেকে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাদের মধ্যে ইউসুফ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে চিকিৎসক ভর্তি করেন। তাদের মধ্যে নামালের অবস্থা আশঙ্কা জনক। বিষয়টি কাফরুল থানা পুলিশ অবগত আছে।”








