জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার নামে করার দাবি জানানো হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন উপজেলা ও কলেজ ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

এর আগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উত্তরবঙ্গের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষায় জেলাটির সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বগুড়া ঐতিহ্যগতভাবেই রাজশাহী বোর্ডের অন্যতম সেরা ফল অর্জন করে আসছে। ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।

আরও পড়ুন

এবার প্রতারণা মামলায় গ্রেফতার হরিদাস, কারাগারে পাঠানোর নির্দেশ

সমাবেশে উপস্থিত নেতারা জাতীয় সংসদে বিলটি অনুমোদনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সঞ্চালক ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদে এই বিল পাসের মাধ্যমে বগুড়াবাসীর একটি বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়েছে। এ সময় তিনি নতুন বিশ্ববিদ্যালয়টির নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসাদ সিদ্দিকী রাকিব ও সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর।

এ ছাড়া আনন্দ মিছিলে আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোজিবুল ইসলাম শাকিল ও সদস্যসচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা ও সদস্যসচিব সোহাগসহ বিভিন্ন উপজেলা ছাত্রদল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবসহ জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলবি/এনএইচআর/জেআইএম