পিরোজপুরের মঠবাড়িয়ায় ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সুমন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তিনি প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের স্লুইসগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

জানা গেছে, অনলাইন জুয়ায় আসক্তির কারণে আর্থিক সংকটসহ নানা বিষয়ে পরিবারের সঙ্গে সুমনের মনমানিল্য চলছিল। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহতের স্ত্রী সখি বেগম জানান, তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। কিছু টাকা সঞ্চয় করেছিলেন। পরে অনলাইন জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কলহ হতো। আজ সকালে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনস্থানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পরে আসল রহস্য উন্মোচন করা যাবে।