নকল বিএসটিআই সিল ব্যবহার করে দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য বাজারজাত এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে মাগুরার ভাই ভাই বেকারিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় বেকারির উৎপাদন কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের নতুন বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত ভাই ভাই বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিকে এর আগেও দুই দফা সতর্ক করা হলেও তারা নকল বিএসটিআই সিল ব্যবহার বন্ধ করেনি। বরং ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে নকল সিলযুক্ত খাদ্যপণ্য বাজারজাত করা হচ্ছিল। এছাড়া বেকারির ভেতরে ছিল নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, অপরিচ্ছন্ন বাথরুম, হাত পরিষ্কারের জন্য সাবানের ব্যবস্থা ছিল না। কর্মচারীদের হেয়ার নেট, হ্যান্ড গ্লাভসসহ ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও ব্যবহার করতে দেখা যায়নি। ফলে খাদ্য উৎপাদনের পুরো পরিবেশই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়।

নকল বিএসটিআই সিল ব্যবহার করে দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য বাজারজাত এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নতুন বাজার এলাকায় এ প্রতিষ্ঠানটিকে এর আগেও দুইবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেই নির্দেশনা অমান্য করে নকল বিএসটিআই সিল ব্যবহার অব্যাহত রেখেছে। একই সঙ্গে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪৩/৪৪ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সাতদিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।’

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেজে/জেআইএম