প্রায় দেড় যুগ পর রোববার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বগুড়া মহানগরীর শহীদ টিটু মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত ‘বাদল-হিরু প্যানেল’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি, সহসভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সবকটি পদেই ওই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন সোমবার এ তথ্য দিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে এ ভোটের আয়োজন করা হয়। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ভোটার এক হাজার ৭৭ জন। এর মধ্যে ৯৩০ জন তাদের ভোট দেন। ভোট সংগ্রহের হার ৮৬ দশমিক শূন্য ৩ শতাংশ। ব্যবসায়ীরা গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুবছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করেন।
কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের আতিকুর রহমান বাদল। গোলাপ ফুল প্রতীকে তিনি পেয়েছেন ৬৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সেলিম-এরশাদ প্যানেলের সেলিম রেজা (ছাতা) পেয়েছেন ২২৭ ভোট। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন হামিদুল হক চৌধুরী হিরু। আনারস মার্কায় তিনি পেয়েছেন সর্বোচ্চ ৭২৬ ভোট। অপর সহসভাপতি পদে মামদুদুর রহমান শিপন (খেঁজুর গাছ) পেয়েছেন ৫৯১ ভোট। কার্যনির্বাহী কমিটির নয়টি পরিচালক পদে ২২ জন প্রার্থীর মধ্যে বাদল-হিরু প্যানেলের বিজয়ীরা হলেন-পরিমল চন্দ্র দাস (ফুটবল-৫৯৬), খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি-৬১২), আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ-৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (কাপ-পিরিচ-৫৬৯), এসএম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (হরিণ-৫৫৭), রাসেদুল ইসলাম (মই-৫৫৩), শফিকুল ইসলাম খোকন (দোয়াত কলম-৫৩২), শামসুল হক বেনু (চেয়ার-৫১২) এবং মতিউর রহমান (চশমা-৪৬৬)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন।








