বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের চারদিন পর বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ। আসামিরা জানিয়েছে, মিলের ভেতরে ট্রান্সফরমারের তামার তার চুরি করতে ঢুকলে চিনে ফেলায় তারা মোহাম্মদ আলীকে মাথায় হাতুড়ির আঘাতে হত্যা করে। শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, গ্রেফতার দুই আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন-শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের পুটখোর গ্রামের আবদুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৩) ও কাঠগড়া গ্রামের আবদুল বারিক সাকিদারের ছেলে আব্দুল আলিম সাকিদার (৪০)।

পুলিশ জানায়, মোহাম্মদ আলী ৫ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে আটমূল ইউনিয়নের ফেনি গ্রামের ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন রাইস মিলে পাহারা দিতে যান। রাত দেড়টার দিকে ৫ থেকে ৬ জনের একদল লোক বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তার চুরির জন্য পেছনের দরজা দিয়ে মিলের ভেতরে প্রবেশ করে। মোহাম্মদ আলী টের পান ও চোরদের চিনে ফেলেন। তখন তারা হাত, পা ও মুখ বেঁধে মাথায় হাতুড়ির আঘাতে মোহাম্মদ আলীকে হত্যা করেন। মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তামার তার নিয়ে যান। সকালে স্থানীয়রা মিলের ভেতরে মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বাঁধা লাশ দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে শিবগঞ্জ থানায় চুরিসহ হত্যা মামলা করেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মোহাম্মদ আলীকে খুনসহ চুরির কথা স্বীকার করেন। এছাড়া ঘটনায় জড়িত অপর আসামিদের বিস্তারিত বিবরণ প্রকাশ করে আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন। শুক্রবার দুই আসামিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।