বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে বাধা দেওয়ায় মালিক মোহাম্মদ আলী সরকারকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ৩ দিনের মাথায় তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) ও কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রাতে মোহাম্মদ আলী সরকার তার রাইস মিল পাহারা দিতে যান। রাত দেড়টার দিকে ৫-৬ জনের একটি চোরচক্র সেখানে ট্রান্সফরমার চুরি করতে ঢোকে। মোহাম্মদ আলী বাধা দিলে চোরেরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে চিনে ফেলার আশঙ্কায় চোরচক্রটি তার মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনজয় কুমার জানান, হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এই ‘ক্লুলেস’ হত্যার রহস্য উদ্‌ঘাটন করে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।/