বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও আটজন।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিটন সাকিদার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের ছেলে।
জানা গেছে, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে একই গ্রামের খাজা প্রামানিকের (৬০) জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বগুড়ার জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে লিটন সাকিদারের অবস্থা গুরুতর হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএইচ








