বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে গোসল করতে নেমে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের পুকুরে তিন শিশুর মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলো— ভালতা গুচ্ছগ্রামের আসাদুল ইসলামের ছেলে মো. জাকিরুল (৬) এবং ফারুক মণ্ডলের ছেলে মো. ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)।
পুলিশ জানিয়েছে, সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকার শুনে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ফাহিম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানি আবেদা বেগমের অনুরোধে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। কিন্তু, সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, শিশুরা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু এবং অপর এক পরিবারের একটি শিশু রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্তে অন্য কোনো জটিলতা বা সন্দেহজনক কিছু না পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হবে।”







