‎রাত থেকে চলা বর্ষণের তোড়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিকী ও প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। ‎আজ রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা এ তথ্য জানান।

‎তিনি বলেন, রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের কাছে জানতে চেয়েছিল পরীক্ষা স্থগিত করবে কি-না। তাদের অনেকে পরীক্ষা স্থগিত করেছে।

‎তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিত করেছে। আর রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালের পরীক্ষা নিতে পেরেছে, দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান দুই বেলার পরীক্ষাই স্থগিত করেছে।

‎নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের রোববারের প্রাক-নির্বাচনী ও অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নান।

‎এ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন একজন শিক্ষক। ‎

‎এদিকে তানুজা আকবর নামের এক অভিভাবক বলেন, ধানমন্ডির কামরুন্নেছা স্কুলের অর্ধবার্ষিকী এবং প্রাক-নির্বাচনী পরীক্ষা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।

‎দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শাখার পরীক্ষা স্থগিত করেছে রাজধানীর মিল্লাত হাই স্কুল। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ‎

‎সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে।

‎‎মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও আজ রোববারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বলে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে জানিয়েছে। ‎

‎পুরান ঢাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার রোববারের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে। নোটিশের মাধ্যমে ‎রোববারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজও। ‎

‎মিরপুরের বিসিআইসি কলেজ আজ রোববারের চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে। আজকের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে প্রকাশ করেছে মনিপুর ‍উচ্চ বিদ্যালয়ও। ‎

‎রোববারের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের সব পরীক্ষা স্থগিত করেছে মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল কর্তৃপক্ষও। ‎

‎মতিঝিল কলোনি হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার রোববারের পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌস। ‎

‎গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজ কর্তৃপক্ষও রোববারের একাদশ শ্রেণি, অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে।