ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন ইউনিয়নের হাটবাজার, চা-স্টল, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি এবং গণসংযোগে নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির শতাধিক প্রার্থী ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করছেন। তারা উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন।
আলোচনায় যারা : সব ইউনিয়নেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অধিকাংশই বিএনপি নেতারা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। রশুনিয়া ইউনিয়নে প্রচারে নেমেছেন শ্যামল কাজী, আতাউর রহমান হাওলাদার, শাহাদাৎ শিকদার, শাহাজালাল পান ফকির, আবু সাঈদ ও আলমাছ সরদার।
কোলা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী মো. খলিল ও সাইফুল ইসলাম মিন্টু। কেয়াইন ইউনিয়নে আশ্রাফ আলী, মো. নাছিম খান, মো. ইউসুফ, মো. নাছির, হাদী মেম্বার, খিদির সালাম, আরিফ খান রিগ্যান, মহসিন মোল্লা ও মনির হোসেন। মালখানগর ইউনিয়নে মো. জামান, ইয়াছিন সুমন, ইকবাল হোসেন, তছলিম উদ্দিন শেখ ও মো. আজিজুল হক খান আলোচনায় আছেন।
বয়রাগাদী ইউনিয়নে মোজ্জাম্মেল হাওলাদার, এমএ বাতেন, মো. নাছির উদ্দিন, হাবিব সরকার ও গোলাম হাবিবুর রহমান সোহাগ নির্বাচন করতে দৌড়ঝাঁপ করছেন। মধ্যপাড়া ইউনিয়নে মাঠে ছুটছেন মো. আজীম আল রাজী, মো. আব্দুল রহিম ও মো. নজরুল ইসলাম নজু। বালচুর ইউনিয়নে আওলাদ হোসেন ও মো. বকুল নির্বাচন করতে চাচ্ছেন।
চিত্রকোট ইউনিয়নে খোরশেদ আলম, জসীম উদ্দিন, আবু বকর ছিদ্দিক শাহিন, এমদাদুল হক ও ইশতেখার আহম্মেদ নিজেদের জানান দিচ্ছেন। রাজানগর ইউনিয়নে জনগণের কাছে ছুটছেন জিআই চৌধুরী লিটন, সাইফুল ইসলাম নিরব, স্বপন আহম্মেদ কাজল, ওমর ফারুখ রিগ্যান ও গোলাম হোসেন। শেখরনগর ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হতে চান দেবব্রত সরকার টুটুল, আবুল হোসেন ও নজরুল ইসলাম। জৈনসার ইউনিয়নে মো. নাজিম শেখ, আনছার মোল্লা, নূরনবী মোল্লা ও রফিকুল ইসলাম দুদু।
ইছাপুরা ইউনিয়নে নির্বাচন করতে চান কাজী কামরুজ্জামান লিপু, সুমন মিয়া ও সুখন চৌধুরী। লতব্দী ইউনিয়নে প্রচারে ছুটছেন হাজী নূর হোসেন, মোজাম্মেল হোসেন পিন্টু, মো. জহির এবং শাহা আলী। বাসাইল ইউনিয়নে ভোট চাচ্ছেন মোয়াজ্জেম হোসেন বাবুল, মানিছ উদ্দিন মানিছ, কবির মেম্বার ও সাইফুল ইসলাম যুবরাজ।
সম্ভাব্য প্রার্থী উপজেলার যুবদলের সভাপতি মো. ইয়াছিন সুমন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছি। জনগণ চাইলে তাদের সেবার দায়িত্ব পালন করতে চাই। আরেক সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক খান বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা করছি। ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন।
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমাদের একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে প্রতিটি ইউনিয়নে। এ নিয়ে বৈঠক করে একজনকে চূড়ান্ত করা হবে। যাদের এলাকায় সুনাম আছে, তাদেরই প্রার্থী করব। এনসিপির জেলা শাখার সদস্য সচিব মারুফ হাসান মন্টি বলেন, এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। জেলা জামায়াতের সেক্রেটারি ফখরুদ্দিন রাজি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনে এখনো প্রার্থী ঠিক করিনি। তবে সময়মতো ঘোষণা হবে।








