জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে ভারতীয় বন্যহাতির আক্রমণে জয়নাল মন্ডল (৬৫) নামে এক কাঠ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভারতীয় সীমান্তসংলগ্ন ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার ১০৮৮ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে বনবিভাগ তার লাশ উদ্ধার করে। নিহত জয়নাল মন্ডল ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মৃত অনিজ মন্ডলের ছেলে। পরিবার জানায়, শুক্রবার দুপুরে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে পাহাড়ে যান তিনি। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার সকালে বনবিভাগের লোকজন পাহাড়ে তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। বনবিভাগের বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।