জামালপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা এবং ময়মনসিংহের তারাকান্দায় অপর এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : জামালপুর-১ আসনের আ.লীগের সাবেক সংসদ-সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বর গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি নাশকতার মামলা করেন। ওই মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে আব্দুল খালেক সরকার রাজু নামে এক আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল খালেক উপজেলার জালালপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি এবং উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ময়মনসিংহের তারাকান্দার কামারিয়া ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুল ইসলামকে পুলিশ নাশকতা মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছেন।








