নাটোরের সিংড়া উপজেলায় টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন এক যুবক। উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে যুবকের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে যান ওই ছাত্রী। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বালোয়া-বাসোয়া এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত গৌতম কুমার একই উপজেলার চৌগ্রাম এলাকার গিরেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
স্থানীয় সূত্র জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে গৌতম কুমার ওই ছাত্রীকে জোর করে ফাঁকা একটি বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীটি আত্মরক্ষার্থে অভিযুক্তের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় এবং চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের গণধোলাইয়ে আহত গৌতম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।








