নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী খালপাড় গ্রামে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়েছে। এ ঘটনায় শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার ১১ বছর বয়সী ছোট বোন মিতু খানম।
রবিবার (৫ জুলাই) মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু একই এলাকার হাফিজার মোল্যার মেয়ে। সে স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতে খাবার খেয়ে শামীমা আক্তার সেতু ও মিতু দুইবোন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে ট্রাকটি সড়কের বাম পাশে শামীমা আক্তার সেতু ও মিতুর ঘরের ওপর উল্টে পড়ে। পরে পরিবারের সদস্যরা আহত দুইবোনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন চিকিৎক ডা. অলোক কুমার বাগচী। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন।
লোহাগড়ার নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, “দুর্ঘটনার পরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”








