কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২ স্বাস্থ্যকর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করেন চিকিৎসা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। এতে সংহতি জানায় বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনও (বিডিপিএ)।আক্রান্ত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও বিএমটিএ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফার্মাসিস্ট মো. আরিফুল ইসলাম।অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) আড়াইটার দিকে ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সৌরভ ও আরিফুল। শহরের প্রধান ডাকঘরের সামনে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা ৭-৮ জন হেলমেটধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। সন্ত্রাসীরা প্লাস্টিকের ব্যাগ থেকে রড ও দেশীয় অস্ত্র বের করে তাদের বেধড়ক মারধর করে। পরে আহত অবস্থায় তারা পালিয়ে কোনোমতে আত্মরক্ষা করেন এবং হাসপাতালে চিকিৎসা নেন।এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মীরা। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।/