চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকায় সড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ডাকঘরের দক্ষিণ পাশে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের সাদ্দাম ব্রিজ সংলগ্ন এলাকার পশ্চিম পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ রক্তাক্ত এবং মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখা গেছে।
মুন্সীরহাট বাজারের বাসিন্দা শরীফ হোসেন বলেন, ‘রোববার তাকে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ওই ব্যক্তিকে সাদ্দাম ব্রিজের উপর বসে থাকতে দেখেন। এ সময় তার পরিচয় জানতে চাইলে নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিলেও ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দেননি।
চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের লক্ষ্যে তার দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।’
শরীফুল ইসলাম/কেজে/জেআইএম








