ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।

রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে বারেক আকন্দকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।

নিহতের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ বলেন, ‘তার বাবা বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে। দুর্বৃত্তদের চিনে ফেলায় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

হোসাইন সুলভ/কেজে/জেআইএম