বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে বিকল হয়ে যায় ইঞ্জিন। অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে ভাসতে থাকেন চারজন শ্রমিক। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলে দ্রুততম সময়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।
বুধবার (২২ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সকাল ১০টা ১১ মিনিটের দিকে সন্দ্বীপ কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে রনি নামে একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান- তারা চারজন একটি পাথরবোঝাই বাল্কহেডযোগে সিলেট থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পথে সন্দ্বীপ পার হয়ে কিছুদূর যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে বাল্কহেডের ভেতর পানি ঢুকতে থাকে এবং পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়।

আনোয়ার সাত্তার বলেন, বিকল অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে তারা চারজন শ্রমিক ভাসছিলেন। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কোষ্টগার্ড কন্ট্রোলরুমে জানানো হয়।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে সন্দ্বীপ কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সন্দ্বীপ থেকে প্রায় সাড়ে ৯ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করে।
পরে নিরাপদ স্থানে এনে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেয়। পাথরবোঝাই বাল্কহেডটি সাগরে ডুবে যায় বলেও জানান তিনি।
কেআর/বিএ








