‘বালোগান-বিতর্ক’ উসকে দিলেন জার্মানির কিংবদন্তি সাবেক গোলরক্ষক অলিভার কান। ফিফার কাছে তার দাবি, মাইকেল বালাকের হলুদ কার্ডের সিদ্ধান্ত বাতিল করে, ২০০২ বিশ্বকাপ ফাইনাল যেন আবার আয়োজন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হারজেগোভিনা ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বিপক্ষের ফুটবলারকে ফাউল করার জন্য। লাল কার্ড দেখার কারণে প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনাই ছিল না। এরপরই আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন বালোগানের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। ট্রাম্পের কথায় রেফারির নেওয়া সিদ্ধান্ত পালটে দেয় ফিফা। বালোগানকে খেলার অনুমতি দেওয়া হয়। ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তুমুল সমালোচনা হচ্ছে। এবার তাতে যোগ দিয়েছেন কিংবদন্তি জার্মান গোলরক্ষক কান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যদি আমরা নতুন করে ফুটবল ইতিহাস লিখি, তাহলে ফিফাকে ছোট্ট একটা পরামর্শ দেব। আমি চাই, ২০০২ বিশ্বকাপ ফাইনালে মাইকেল বালাককে দেখানো হলুদ কার্ড বাতিল করুক ফিফা।’