যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বড় একটি অন্যায় সংশোধন করায় ফিফাকে ধন্যবাদ।’

বসনিয়ার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে দ্বিতীয়ার্ধের ১৮তম মিনিটে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে কঠোর ট্যাকল করার ঘটনায় লাল কার্ড দেখেন বালোগুন। ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস তাকে মাঠ থেকে বহিষ্কার করেন।

ফিফার প্রতিযোগিতা বিধি অনুযায়ী, ওই লাল কার্ডের কারণে বালোগুনের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা হওয়ার কথা ছিলো। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে।

তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি পরে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ফিফার বিবৃতিতে বলা হয়, ‘ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফোলারিন বালোগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞার বাস্তবায়ন এক বছরের প্রবেশন বা পর্যবেক্ষণকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।’

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের হয়ে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন বালোগুন। চলতি বিশ্বকাপে তিন গোল করে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা এবং কোচ মরিসিও পোচেত্তিনোর দলের অন্যতম ভরসার নাম।

আরআর/আইএন