চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত দুর্গম এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সম্মিলিত প্রয়াস’।
শনিবার (১১ জুলাই) সংগঠনটির উদ্যোগে উপজেলার গাজীপুর, খানখানাবাদ ও ইলশা গ্রামে নৌকাযোগে শুকনো খাবার, ওরস্যালাইন, পানিবাহিত রোগের প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনের সভাপতি কাজী মো. ফোরকান উদ্দীন, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া, সদস্য মোহাম্মদ সোহেল, কুনসুমা বেগম, হেলালসহ অন্যান্য স্বেচ্ছাসেবক অংশ নেন।
আরও পড়ুন
চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ
সংগঠনের সভাপতি কাজী মো. ফোরকান উদ্দীন বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সম্মিলিত প্রয়াসের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংগঠনের মানবিক কার্যক্রমে সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া বলেন, সম্মিলিত প্রয়াস সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতে সংগঠনটিকে একটি পূর্ণাঙ্গ দাতব্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করা সব ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এমআরএএইচ/কেএসআর








