বন্দরে পুলিশ ও ডাকাতদলের মধ্যে ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ভোর সাড়ে ৪টায় ২৬নং ওয়ার্ড বন্দরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। বন্দর থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, তিনি ফোর্স নিয়ে বন্দর উপজেলার তালতলা নামক স্থানে ডিউটি করার সময় ৭-৮ জনের একটি ডাকাতদল তাদের ওপর অতর্কিতে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে ধাওয়া করে। এ সময় পুলিশ পালটা ধাওয়া করলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানা পুলিশ পরিদর্শক আনিছুর রহমান বলেন, পুলিশের টহল দল প্রতিদিনের মতো রোববার রাতে বন্দর থানার তালতলা নামক এলাকায় ডিউটি করার সময় সোমবার ভোরে ডাকাতদল পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় পুলিশ ডাকাতদলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।








