বন্দরে মাদক ব্যবসা ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মাসুদ রানা ওরফে মাসুম (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার সকালে ২৬নং ওয়ার্ড তালতলা এলাকার মদনপুর-মদনগঞ্জ সড়কের পাশের ডোবা থেকে মাসুদ রানার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ রানা ২৬নং ওয়ার্ড বন্দরের সোনাচোরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন মাসুদ রানা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি।

বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে মাসুদ রানার লাশ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রানা সোনাচোরা এলাকার সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। মাদক ব্যবসাসহ অপরাধ জগতের নিয়ন্ত্রণ এবং টাকা ও মালামাল ভাগবাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে খুনের শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।