সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনীর কাছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করলে বাংলাদেশ মুক্ত হয়। তবে যুক্তরাষ্ট্রের শর্তমতে বাংলাদেশের মাটি থেকে ভারতের সব সৈন্য প্রত্যাহারের তিন দিন পর যুক্তরাষ্ট্র ১৯৭২ সালের ৪ এপ্রিল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। অপরদিকে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার পরও মার্কিনিদের পথ অনুসরণ করা থেকে বিরত থাকে। বাংলাদেশে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের পুতুল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে-এ অভিযোগ এনে বাংলাদেশেকে স্বীকৃতি দেওয়া থেকে চীন বিরত থাকে। অবশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবের পতন হলে ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে চীন স্বীকৃতি দেয়।
চীনে বাংলাদেশের দূতাবাসে মেজর ডালিমের নিয়োগ
১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের অন্যতম নায়ক মেজর ডালিমের চাকরি ১৯৭৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার পর গণচীনে তাকে কূটনীতিক হিসাবে বাংলাদেশ সরকার পাঠায়। জিয়াউর রহমান ১৯৭৭ সালে রাষ্ট্রপতি নিযুক্ত হলে চীনের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হয়। ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসন জারি হলে চীনের সঙ্গে বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় থাকে। বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গেও চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ডালিম ১৯৮২ সালে কমিশনার হিসাবে হংকংয়ের দূতাবাসের দায়িত্বভার নেন। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত করতে তিনি এখান থেকে সহায়তা করেন।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের কূটনীতি জটিলতা
২০০১ সালের সাধারণ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মন্ত্রী নিযুক্ত হন ব্যবসায়ী মোর্শেদ খান। তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জাপানের-যে দেশটি হলো চীনের চির শত্রু। ২০০১-২০০৬ সালের বিএনপি সরকারের সময় তাইওয়ানের ভিসা অফিস খোলা নিয়ে বাংলাদেশ ও তাইওয়ানের মধ্যকার সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। ২০০৪ সালে তাইওয়ান সরকার ঢাকায় একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যালয় খোলার অনুমতি পায়। এ অফিস থেকে তাইওয়ানের ভিসা প্রদান শুরু হয়। কিন্তু বেইজিংয়ের ‘এক চীন’ নীতির কারণে চীন ভীষণ খেপে যায়। আমি (লেখক) তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি। একদিন রাত দেড়টায় চীনের রাষ্ট্রদূত মি. চাইসি আমাকে ফোনে কল করে জানালেন, তিনি চাকরি হারাচ্ছেন। বেইজিং ভীষণ ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালি শুরু করেছে। আমি জরুরি নোটিশ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির সভা আহ্বান করলাম। আমার ডানপাশের আসনে ছিলেন কমিটির সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম (পরবর্তীকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) এবং কাজী জাফর উল্লাহ (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য)। তারা উভয়েই আমার কানে ফিসফিস করে বললেন, চীনের বিষয়ে যে সিদ্ধান্ত আমি নিই, তাতে তারা একমত পোষণ করবেন।
আমার বাম দিকের আসনে ছিলেন জেনারেল মাহবুবুর রহমান (চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক ডিফেন্স অ্যাডভাইজর, সাবেক সেনাপ্রধান ও সংসদ-সদস্য)। তিনি চীনা ভাষায় কথা বলতে পারেন। আমার নেওয়া সিদ্ধান্তে যে একমত পোষণ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। সভায় সিদ্ধান্ত হলো, তাইওয়ানের কার্যালয় জরুরি ভিত্তিতে বন্ধ করতে হবে।
চীনের রাষ্ট্রদূতের কল
চীনের রাষ্ট্রদূত আবার টেলিফোনে কল করে বললেন, দালানের দেওয়ালে এখনো তাইওয়ানের কার্যালয়ের ভিসা সম্পর্কিত সাইনবোর্ড স্থাপন করা আছে। আমি আবার সভা ডেকে তাইওয়ানের কার্যালয় সম্পূর্ণভাবে বন্ধ এবং সাইনবোর্ড সরানোর ব্যবস্থা করলাম। এরপর রাষ্ট্রদূত ‘চাইসি’ টেলিফোন করে বললেন তিনি ‘সিস্টার’-এর সঙ্গে দেখা করতে চান। সিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রদূত চাইসি বেগম জিয়াকে সিস্টার অর্থাৎ বোন সম্বোধন করতেন। আমি বুঝতে পারলাম রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আমি তৎক্ষণাৎ একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে ফোনে কথা বললাম। তিনি ব্যবস্থা করে দেবেন বলে আশ্বস্ত করলেন। পরে একদিন পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান আমাকে বললেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বাইপাস করে এ প্রথম কোনো রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। তার কথায় মনে হলো আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি।
চীন সফর
এরপর একটি ডেলিগেশন নিয়ে আমি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে চীন সফরে গেলাম। বেইজিংয়ের পিপলস হলে চীনের কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের সময়, ঢাকায় তাইওয়ানের ভিসা অফিস প্রসঙ্গ উঠতেই তিনি যা বললেন তা অনুবাদকের ইংরেজি ভাষার বাংলায় রূপান্তর হলো, ‘কার্যত চীন বাংলাদেশে দূতাবাস বন্ধ করতে চেয়েছিল’। একটি দেশ কীরকম ক্ষিপ্ত হলে এমন সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করতে পারে। এরপর চীনের রাষ্ট্রদূত চাইসির পদাবনতি হলো, ছোট একটি দেশে তার বদলি হলো, পরে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানা যায়। চীনের কড়া আপত্তির কারণে বাংলাদেশ সরকার তাইওয়ানের ওই অফিসকে ভিসা দেওয়ার কোনো বৈধ অনুমতি বা কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে না পারায় ২০০৯ সালের ৩০ জুন তাইওয়ান এ কার্যালয়টি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়।
লুক ইস্ট পলিসি
বেগম খালেদা জিয়ার দুই মেয়াদের বিভিন্ন পর্যায়ে মধ্যপ্রাচ্যসহ আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ‘লুক ইস্ট পলিসি’র মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়টি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু বাস্তবে তা আর রূপ নিতে পারেনি। অপরদিকে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে বিএনপির এ কূটনৈতিক বিপর্যয়ের সুযোগ নেয়। এ সময় কোনো স্নায়ুযুদ্ধ না থাকায় ভারত আঞ্চলিক মোড়ল হয়ে ওঠার সুযোগ পায়। এ সুযোগে আওয়ামী লীগ চীনের সঙ্গে বন্ধুত্ব গভীর করে ফেলে।
নৌকার রেপ্লিকা উপহার
চীনের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব এমন পর্যায়ে পৌঁছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর চীনের তৎকালীন রাষ্ট্রদূত শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তার স্মারক হিসাবে সর্বপ্রথম গণভবনে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নৌকা প্রতীক উপহার দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিতর্কিত বিজয়ের পরও, ২০২৪ সালের ৮ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অভিনন্দন বার্তা পৌঁছে দেন এবং শেখ হাসিনার হাতে একটি চীনা নৌকার রেপ্লিকা উপহার হিসাবে তুলে দেন।
বাণিজ্যযুদ্ধ : পরিস্থিতি বদলে যেতে শুরু করে
তবে পরিস্থিতি বদলে যেতে শুরু করে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর। এটি স্নায়ুযুদ্ধে রূপ নেয়। বিশ্ব পরিস্থিতি বদলে যেতে শুরু করে। যুক্তরাষ্ট্রের দৃষ্টি নিবদ্ধ হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর। নতুন স্নায়ুযুদ্ধের সময় গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হতে পারে, চীন তা বুঝতে পারেনি। বুঝতে পারলে ২০২৪-এর বিতর্কিত নির্বাচনের পর চীনের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে নৌকার রেপ্লিকা উপহার দিতেন না।
২০২৬ সালের নির্বাচন : নতুন পরিস্থিতি
২০২৬ সালের সাধারণ নির্বাচনের পর বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফর হিসাবে ২১ জুন মালয়েশিয়া বেছে নেওয়া হয়েছে। এরপর তিনি ২৩ থেকে ২৬ জুন চীন সফর করেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
চীনের পরিবর্তিত নীতি
শেখ মুজিবের শাসনামলে স্বীকৃতি না দেওয়া চীন কীভাবে মুজিবকন্যা শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হলো, তা নিয়ে রয়েছে অনেক আলোচনা। এটা সম্ভব হয়েছিল স্নায়ুযুদ্ধবিহীন পরিস্থিতিতে। একক বিশ্বের নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্র আঞ্চলিক নেতৃত্ব তুলে দিয়েছিল ভারতের হাতে। ভারত মনে করেছিল যুক্তরাষ্ট্র সঙ্গে থাকলে চীন কোনো চাপ দিতে পারবে না। ২০১৭ সালে নতুন স্নায়ুযুদ্ধ শুরু হলে চীন ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং ভারতের চির শত্রু পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের স্নায়ুযুদ্ধের সময়ের মতো শক্তিশালী করে তোলে। যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে, চীনকে মোকাবিলা করার ক্ষমতা ভারতের নেই। তাই চীনের বলয়ে থাকা দেশগুলোকে যুক্তরাষ্ট্র নিজের দিকে টানতে শুরু করে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীন সফর করে বুঝিয়ে দিয়েছেন যে চীনের সঙ্গে তাদের ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি আগের মতোই কাজ করছে।
উদ্বিগ্ন ভারত : অতীত ঘাঁটতে পারে
শেখ হাসিনাবিহীন বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। এখন চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানতালে বন্ধুত্বের বিরোধিতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল করছে না এবং অদূরভবিষ্যতেও করবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এইখানে বিপদে পড়েছে আধিপত্যবাদী ভারত। তাই এ দেশটি কূটচাল দিয়ে নিজের আনুকূল্যে পরিস্থিতি বদলানোর চেষ্টা করতে পারে।
সেনাপ্রধানের সতর্কবার্তা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সতর্কবার্তা দিয়ে স্পষ্টভাবে বলেছিলেন, মতপার্থক্য ভুলে ঐক্য বজায় না রাখতে পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি জোর দিয়েছিলেন, অভ্যন্তরীণ কোন্দল ও হানাহানি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তাই বাংলাদেশ যদি দেশের স্বার্থে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্য বজায় রাখতে পারে তাহলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
মেজর (অব.) মনজুর কাদের : সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ-সদস্য








