উত্তাল বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে ডুবে গেছে বরগুনার তালতলীর ফকিরহাট এলাকার ‘এফ বি মহিমা’ নামে একটি ট্রলার। 

মঙ্গলবার (৭ জুলাই) মধ্যরাত ৩টার দিকে তালতলী উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার হয় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১১ জেলেকে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন কালাম ও শহিদ নামে দুইজন।

এফ বি মহিমা ট্রলারের মালিক তপন জোমাদ্দার জানান, মঙ্গলবার ভোরে ১৩ জেলেকে নিয়ে মাছ ধরতে সাগরে যায় ট্রলারটি। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী অন্য একটি মাছধরা ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় ১১ জনকে উদ্ধার করেন। এখনো নিখোঁজ রয়েছেন তালতলীর বড় আমখোলা এলাকার কালাম ও শহিদ নামে দুই জেলে।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে তালতলী ও পাথরঘাটা কোস্টগার্ডের পাশাপাশি ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে চারটি ট্রলার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। 

তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে উদ্ধার অভিযান সমন্বয় করছে।