সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেটের একটি হোটেলে আয়োজিত এই সৌজন্য বৈঠকে সিলেটের সামগ্রিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটি প্রবাসীদের অবদান সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, এই আলোচনা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
বৈঠকে সিলেটের সংসদ-সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অংশ নেন।








