বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফার্মাকোলজি বিভাগে ‘হিট প্রজেক্ট ১২২৬৪’ এর আওতায় নতুন প্রতিষ্ঠিত ‘ড্রাই ফার্মাকোলজি ল্যাব’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিভাগটি পরিদর্শনকালে এই ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে ড্রাই ফার্মাকোলজি ল্যাবের জন্য স্থাপিত দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেরও উদ্বোধন করা হয়, যা ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজি গবেষণাকে নতুন মাত্রা দেবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রোজেক্ট ১২২৬৪ এর সাব-প্রজেক্ট ম্যানেজার (ইনসিলিকো) ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন।
আরও পড়ুন
সিন্ডিকেট সভা / বিএমইউর জন্য ১০৪০ কোটি টাকার বাজেট অনুমোদন
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আধুনিক গবেষণায় ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজির গুরুত্ব তুলে ধরেন। তিনি ড্রাগ-রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, ড্রাগ-ড্রাগ ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ, নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পিএইচডি গবেষণার সুযোগ সৃষ্টিতে এই ল্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন।
উপাচার্য বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন দুর্বার আগ্রহ ও ইনোভেটিভ উদ্যোগ। নতুন নতুন ওষুধ আবিষ্কার, ওষুধের বায়োইকুইভ্যালেন্স স্ট্যাডি ও বিভিন্ন গবেষণায় ফার্মাকোলজি বিভাগ অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে। এই বিভাগের মেধা, জ্ঞান ও সৃষ্টিশীলতাকে কাজে লাগানো এখন সময়ের দাবি।
এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন
বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে ৭ কোটি ৫২ লাখ টাকার গবেষণা অনুদান
উদ্বোধন শেষে উপাচার্য বিভাগীয় গবেষণাগার পরিদর্শন করেন এবং সেখানে স্থাপিত লিকুইড ক্রোমাটোগ্রাফি ম্যাস স্পেক্ট্রোমেট্রি (LC-MS) ও হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (HPLC) যন্ত্রসমূহ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ডা. ইলোরা শারমিন জানান, এসব অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে বিভাগে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং (টিডিএম), বায়োইকুইভ্যালেন্স, ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট ও টক্সিকোভিজিলেন্সের সেবা চালুর লক্ষ্যে কাজ চলমান রয়েছে, যা দেশের ক্লিনিক্যাল ফার্মাকোলজি ও উন্নত রোগীসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরিদর্শনের শেষ পর্যায়ে উপাচার্য চলমান ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ (জিসিপি) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও ড্রাই ফার্মাকোলজি ল্যাবের যাত্রা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটেশনাল গবেষণা সক্ষমতা এবং ক্লিনিক্যাল গবেষণার মানোন্নয়নে একটি মাইলফলক।
আরও পড়ুন
এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল নিয়ে যা বললো বিএমইউ
ল্যাব উদ্বোধন ও পরিদর্শনকালে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু কান্তি সিংহ, সহকারী অধ্যাপক ডা. নাজিরা মাহমুদ বাধন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের একান্ত সচিব-২ মো. লুৎফর রহমানসহ বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসইউজে/এমএমকে








