বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর অভিযোগে আলোচিত চার ভারতীয় নাগরিক দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে গেছেন। ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ এবং দুই দেশের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার তাদের বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

বুধবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর হয়ে পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিকের প্রত্যাবর্তনের ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফিরে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা সুইটি বিবি, তার দুই নাবালক সন্তান এবং দানিশ শেখ। তারা দীর্ঘদিন দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে বসবাস করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে সুইটি বিবি, তার দুই সন্তান, প্রতিবেশী দানিশ শেখ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালী বিবি এবং তাদের এক সন্তানকে আটক করে। পরে তাদের আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশে প্রবেশের পর অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তারা কারাগারে ছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার অভিযোগ করেছিল, নাগরিকত্ব যাচাই বা রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় না করেই ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানো হয়েছে।

পরে সুইটি বিবি ও সোনালী বিবির পরিবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে। পরবর্তীতে মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে গড়ায়।

বাংলাদেশের আদালত মানবিক বিবেচনায় গত বছরের ডিসেম্বরে অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার নবজাতক সন্তানকে ভারতে ফেরার অনুমতি দেয়। তবে দানিশ শেখ, সুইটি বিবি এবং তার দুই সন্তান বাংলাদেশের কারাগারেই ছিলেন।

পরে গত ২২ মে ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানায়, যাচাই-বাছাই শেষে তারা ওই চার ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে নিতে আগ্রহী। সেই সিদ্ধান্তের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার তাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক সমন্বয়ের পর অবশেষে প্রায় এক বছর পর নিজ দেশে ফিরতে পেরেছেন এই চার ভারতীয় নাগরিক।

The post বাংলাদেশ থেকে দেশে ফিরলেন পুশব্যাকের শিকার চার ভারতীয় appeared first on ZoomBangla.