ঢাকার আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- সাইদ (২৪), আকাশ (২৩), ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মাইন উদ্দিন (২১), সিফাত ওরফে হিটার (২২), নাহিদুল (২৫)।

বৃহস্পতিবার (৯ জুলাই) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

জুয়েল রানা জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদে জানা যায়, আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় গলির ভিতরে কিছু দুষ্কৃতকারী হাতে সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়।

তিনি জানান, গ্রেফতার আসামিদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের নামে রাজধানীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

কেআর/এমকেআর