সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র ৩ সদস্য অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আত্মসমর্পণকারী দস্যুরা হলেন- বাগেরহাটের মোংলার মো. আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তৈয়েবুর রহমান (২৪) ও খুলনার মনিরুজ্জামান মামুন (২০)। তারা দীর্ঘদিন সুন্দরবনে জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।আত্মসমর্পণকালে দস্যুরা দুটি দেশীয় একনালা বন্দুক, একটি পাইপগান, ৪০টি তাজা গুলি ও একটি ওয়াকিটকি জমা দেন। এ সময় এই বাহিনীর কাছে জিম্মি থাকা এক জেলেকেও উদ্ধার করে কোস্টগার্ড।কোস্টগার্ড জানায়, জব্দ করা অস্ত্র ও গুলি মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার হওয়া জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে গত ২১ মে সুন্দরবনের ‘সুমন বাহিনী’র প্রধানসহ ৭ দস্যু অস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছিলেন। কোস্টগার্ডের তথ্যমতে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অভিযানে ৪৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময়ে জিম্মি দশা থেকে উদ্ধার করা হয়েছে ৪১ জন বনজীবীকে।/