নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনেই এক জাপান প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বুধবার (৮ জুলয়াই) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রবাসীর পরিবারের ১৫ ভরি স্বর্ণালংকার, পাসপোর্ট, নগদ ৩০ হাজার টাকা ও মুঠোফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের ছেলে জাপান প্রবাসী মাহমুদুল হাসান আরমান (৪০) তার স্ত্রী, সন্তান ও বাবাকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। আজ তাদের জাপানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। ফেনী থেকে রওনা হওয়া তাদের বহনকারী মাইক্রোবাসটি রাত সাড়ে ৯টার দিকে মেঘনা টোল প্লাজা পার হয়ে মহাসড়কের পুলিশ চেকপোস্ট বক্সের সামনে পৌঁছালে ৮-১০ জনের একদল ডাকাত গতিরোধ করে।ভুক্তভোগীরা জানান, ডাকাতেরা লেজার লাইট ব্যবহার করে গাড়িটি থামায় এবং লোহার রড দিয়ে জানালার কাচ ভেঙে ফেলে। পরে পরিবারের সদস্যদের চাপাতি ও রামদার মুখে জিম্মি করে এবং কয়েকজনকে মারধর করে স্বর্ণালংকার, পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে এই ঘটনা ঘটলেও তখন সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। ডাকাতির প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “পুলিশ মহাসড়কের অন্য এলাকায় টহল দিচ্ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।” এ ঘটনায় প্রবাসীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে লুণ্ঠিত পাসপোর্ট বা মূল্যবান সামগ্রী এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।/
রাজনীতি
সোনারগাঁয়ে পুলিশ বক্সের সামনেই প্রবাসীর গাড়িতে ডাকাতি

শেয়ার করুন







