টানা অতিবৃষ্টিতে বান্দরবানে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। জেলা শহরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বান্দরবান সেক্টর সদর দপ্তরের সদস্যরা দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেন। তারা সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল পুনরায় স্বাভাবিক করেন। পাশাপাশি গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়া বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি মেরামতের কাজেও বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছেন।বিজিবি জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবানে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিজিবি সদস্যদের পদক্ষেপের ফলে বড় ধরনের সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে লাঘব হয়েছে।এর আগে বুধবার (৮ জুলাই) বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করে। উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল থানচি উপজেলার বলিপাড়া, বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ পানিবন্দি প্রায় ২৫০ মানুষের মাঝে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ করে।এ ছাড়া থানচির নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে বিজিবি। দুর্যোগের কারণে সাঙ্গু, মাতামুহুরী ও বাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে বিজিবি এই উদ্ধার অভিযান পরিচালনা করে।