পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৫ সালের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে পটুয়াখালী জেলা জজ আদালত। গতকাল বুধবার সকালে আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ৫ আসামি হলেন—গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূট্টো ও রমিজ মোল্লা।

জানা গেছে, পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর ও মালামাল লুটপাট করে এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করে আহত করার অভিযোগ আনা হয়।

ওই ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে এজাহার দায়ের করেন।

মামলা রুজুর পর থেকে আসামিরা পলাতক ছিলেন বলে খবরে বলা হয়েছে। পরে তারা হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, `উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিএনপির সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৮ জন ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পাঁচ জন জেলা জজ আদালতে হাজির হলে মহামান্য বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। কাগজ হাতে পাইনি।'