ইয়িলদিরিম মারু

‘প্রশ্ননামা’ কেবল প্রশ্নের বই নয় বরং প্রশ্নের মধ্য দিয়ে উত্তর খোঁজার অনুপ্রেরণা। আমরা কতটা জানি নিজের সম্পর্কে? প্রকৃতি ও মহাবিশ্বের প্রতি আমাদের সচেতনতা কোথায়? আবেগ, ভালোবাসা, মন, দিন-রাত, সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক—এসব বিষয়ে আমাদের ভাবনা কতটা গভীর? বইয়ের প্রতিটি প্রশ্ন পাঠককে থামিয়ে দেয়, নিজের ভেতরে আলো জ্বালায়। লেখক মনে করিয়ে দেন—প্রশ্নই হলো আত্মপরিসরের প্রদীপ।

সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেওয়া, যেন লেখক সামনে বসে আছেন। প্রশ্নগুলো পাঠকের চিন্তাধারাকে নেড়ে দেয়, এক ধরনের আত্মসংলাপ তৈরি করে। হঠাৎ পাঠক আবিষ্কার করেন—যা ভেবে এসেছে, তা যথেষ্ট নয়; আর যা ভাবেনি, সেটিই গুরুত্বপূর্ণ। আমি যখন বইটি পড়া শুরু করি; তখন বুঝিনি এটি কেবল একটি বই নয় বরং এটি আমার নিজের অস্তিত্বের বিরুদ্ধে উত্থাপিত নীরব কিন্তু নির্মম জিজ্ঞাসাপত্র। এই বই আমাকে কোনো উত্তর দেয়নি বরং আমার ভেতরে এমন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে, যেগুলো থেকে আর কখনো মুক্ত হওয়া সম্ভব নয়।

আমি উপলব্ধি করেছি, আমি আজ যা, তা মূলত আমার অতীতের সিদ্ধান্তগুলোর একটি জটিল সমাহার। কিন্তু লেখক আমাকে বাধ্য করেছেন এই প্রশ্ন করতে—আমি কি সত্যিই আমার সিদ্ধান্তগুলোর মালিক, নাকি আমি কেবল কারণ–কার্য সম্পর্কের এক অনিবার্য ফলাফল? আমার বর্তমান যদি আমার অতীতের চিন্তার একটি নির্যাস হয়, তবে আমার স্বাধীনতা কোথায়? আমি কি সত্যিই স্বাধীন, নাকি আমি শুধু স্বাধীনতার অনুভূতির মধ্যে আবদ্ধ?

আরও পড়ুন

বই আলোচনা / অকায়শাস্ত্র: আপন সত্তার অনুভূতি

এই বই আমাকে বর্তমানের অস্তিত্ব নিয়েও পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। আমার শৈশব, আমার স্মৃতি, আমার ঘুমন্ত অবস্থা—এসব কিছু বাদ দিলে কি কোনো ‘আমি’ অবশিষ্ট থাকে? যদি আমার চেতনা সাময়িকভাবে বিলুপ্ত হয়, তবে কি আমার অস্তিত্বও বিলুপ্ত হয়, নাকি অস্তিত্ব চেতনারও অতীত কোনো অস্তিত্বতাত্ত্বিক বাস্তবতা?

লেখক যখন প্রকৃতির প্রতি ঋণ, দায়িত্ব এবং নিয়তির প্রশ্ন তোলেন; তখন আমি প্রথমবারের মতো উপলব্ধি করি—আমি প্রকৃতির ওপর নির্ভরশীল হলেও প্রকৃতি আমার অস্তিত্বের মাধ্যমে নিজেকে উপলব্ধি করে। এখানে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক আর অধীনতা বা কর্তৃত্বের সম্পর্ক নয় বরং এটি পারস্পরিক সত্তাগত নির্ভরশীলতা।

মৃত্যু নিয়ে লেখকের বিশ্লেষণ আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আমি ভাবতে বাধ্য হয়েছি—মৃত্যু কি কেবল জৈবিক প্রক্রিয়ার সমাপ্তি, নাকি এটি চেতনার একটি অধিবিদ্যক রূপান্তর? একটি মশা এবং একটি হাতির মৃত্যুর মধ্যে পার্থক্য কি কেবল শারীরিক, নাকি তাদের যন্ত্রণার অভিজ্ঞতাও সত্তাতাত্ত্বিকভাবে ভিন্ন? মৃত্যু কি একটি অভিন্ন অভিজ্ঞতা, নাকি প্রতিটি মৃত্যু একটি স্বতন্ত্র প্রপঞ্চ-সংক্রান্ত?

আরও পড়ুন

বই আলোচনা / প্যাকেজিং ইতিহাস ও ডিজাইন তত্ত্ব: মোড়কের আড়ালে সভ্যতার গল্প

চেতনা সম্পর্কিত আলোচনায় লেখক আমাকে এমন এক জ্ঞানতাত্ত্বিক সংকটে ফেলে দিয়েছেন, যেখান থেকে সহজে বের হওয়া যায় না। যদি আমার চেতনা কেবল কিছু মৌলিক উপাদানের একটি জটিল বিন্যাস থেকে উদ্ভূত হয়, তবে এই মহাবিশ্ব নিজেই কি একটি বৃহত্তর চেতনার বহিঃপ্রকাশ নয়? আমি কি মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ, নাকি মহাবিশ্ব নিজেই আমার চেতনার মধ্যে প্রতিফলিত?

প্রকৃতিকে লেখক যেভাবে একটি স্বয়ংক্রিয়, স্বনিয়ন্ত্রিত এবং স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছেন, তা আমাকে ভাবতে বাধ্য করেছে—প্রকৃতি কি কেবল একটি প্রাকৃতিক প্রক্রিয়া, নাকি এটি একটি সুসংগঠিত কসমিক ইনটেলিজেন্সের বহিঃপ্রকাশ? আমি কি প্রকৃতিকে উপভোগ করছি, নাকি প্রকৃতিই আমার মাধ্যমে নিজেকে উপভোগ করছে?

সবশেষে, এই বই আমাকে আমার নিজের অস্তিত্ব সম্পর্কে এক নির্মম সত্যের সামনে দাঁড় করিয়েছে—আমি এই মহাবিশ্বে উপস্থিত, কিন্তু আমি কি সত্যিই আমার উপস্থিতির অর্থ বুঝেছি? আমি কতটুকু সচেতনভাবে বেঁচে আছি, আর কতটুকু কেবল অভ্যাসের কারণে বেঁচে আছি?

আরও পড়ুন

বই আলোচনা / অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী: নারীবাদের দ্বন্দ্বময় সংলাপ

বইটি পড়ার পর আমি আর আগের মানুষটি নেই। কারণ এই বই আমাকে নতুন কোনো জ্ঞান দেয়নি—এটি আমাকে আমার নিজের অজ্ঞতা সম্পর্কে সচেতন করেছে। এবং আমি বুঝেছি, কখনো কখনো সবচেয়ে গভীর উপলব্ধি আসে উত্তর থেকে নয় বরং সেই প্রশ্নগুলো থেকে, যেগুলোর কোনো চূড়ান্ত উত্তর নেই।

‘প্রশ্ননামা’ কেবল একটি বই নয়; বইটি পাঠককে নতুন ‘আমি’র জন্ম দিতে বাধ্য করে। আত্মপরিচয়ের গভীরে নিয়ে যায় এবং সমাজ-সংসার-প্রকৃতি-সৃষ্টি নিয়ে নতুন প্রশ্ন তোলে। অনন্ত প্রশ্ন-উত্তরের চক্র পাঠককে পরিচিত জগত থেকে অচেনা শুদ্ধ ভাবনার জগতে পৌঁছে দেয়। মানুষের চেতনা, অস্তিত্ব, স্বাধীনতা ও নিয়তির গভীর অন্বেষণ। লেখক পাঠককে এক ধরনের মান ও আত্ম-সমীক্ষার যাত্রায় নিয়ে যান, যেখানে প্রতিটি প্রশ্ন আমাদের বর্তমান, অতীত ও ভবিষ্যতের সঙ্গে সংযোগ স্থাপন করে। সহজপাঠ্য নয়, তবে যারা দার্শনিক চিন্তা, মানবিক দায়বোধ ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অনুসন্ধান করেন; তাদের জন্য এটি অত্যন্ত মূল্যবান।

বইয়ের নাম: প্রশ্ননামা
লেখক: হাসান ইথার
প্রকাশক: কিংবদন্তী পাবলিকেশন
প্রচ্ছদ: সাদিয়া তারান্নুম
মূল্য: ৪০০ টাকা।

এসইউ