সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে দুদকের মামলার বাদীসহ দুই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীরের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ হয়।

আদালত সূত্র জানায়, এদিন সাক্ষ্য দেন মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এবং মিন্টু মিয়া। দুই সাক্ষীর মধ্যে মিন্টু মিয়ার জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। অন্যদিকে জাকির হোসেনের মূল জবানবন্দি গ্রহণ করা হলেও তার জেরা শেষ হয়নি।

আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম জেরার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ১০ আগস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

শুনানির জন্য সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৭ জুন একই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তিনি প্রায় ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্তে সিয়ামের নামে প্রায় ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যার বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এমডিএএ/এমআইএইচএস