টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বান্দরবান জেলা সদরের পার্শ্ববর্তী ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। পাহাড় ধস ও বন্যায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে বিজিবির উদ্ধার অভিযান। বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১২২টি বন্যাদুর্গত পরিবারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরিবারগুলোর জন্য শহীদ মোশাররফ বিজিবি স্কুল ও ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আশ্রিতদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধের জোগান নিশ্চিত করেছে বিজিবি। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়ে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের পক্ষ থেকে এ সব তথ্য জানানো হয়। মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির অপারেশন শাখার অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ হুমায়ুন কবির।
রাজনীতি
বন্যাদুর্গত ১২২ পরিবারকে উদ্ধার ও ত্রাণ সহায়তা বিজিবির

শেয়ার করুন







