ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ভারী বর্ষণে বিয়ের মণ্ডপ তলিয়ে গেলেও দমে যাননি এক বর-কনে। সব প্রতিকূলতা ডিঙিয়ে বিয়ের আচার সম্পন্ন করতে কনেকে কোলে তুলে বন্যাকবলিত ভেন্যু পার করে মণ্ডপে নিয়ে যান বর। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ ব্যাপক ভাইরাল হয়েছে।
বিয়ের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ইন্দোরের ক্যাট রোডের একটি গার্ডেনে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই মুষলধারে বৃষ্টিতে পুরো ভেন্যু জলমগ্ন হয়ে পড়ে। তবে এমন কঠিন পরিস্থিতিতেও বিয়ে পিছিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন এই যুগল। প্রায় গোড়ালি সমান পানির মধ্যে দাঁড়িয়েই, চারপাশে অবিরাম বৃষ্টির মাঝেই তারা বিয়ের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ সাত পাকে বাঁধা পড়েন।
'बारिश के बीच देखिए ये अनोखी शादी'
— zingabad (@zingabad) July 7, 2026
मध्य प्रदेश के इंदौर में तेज बारिश के कारण एक मैरिज गार्डन में जलभराव हो गया. इसके बावजूद दूल्हा-दुल्हन ने पूरे उत्साह के साथ शादी की सभी रस्में निभाईं. दूल्हे ने दुल्हन को गोद में उठाकर पानी से भरे रास्ते को पार कर मंडप तक पहुंचाया, जहां दोनों… pic.twitter.com/0DgrUbfQc2
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর-কনে তাদের বিয়ের ঐতিহ্যবাহী জমকালো পোশাকে সজ্জিত হয়ে জলমগ্ন ভেন্যু দিয়ে হেঁটে যাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তে দেখা যায়, বর তার কনেকে দুই বাহুতে তুলে কোলে করে পানির ওপর দিয়ে মণ্ডপে ও পরে খাবারের জায়গার দিকে নিয়ে যাচ্ছেন।
শুধু বর-কনে নন, আমন্ত্রিত অতিথিরাও পরিস্থিতিটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। তারা পানি মাড়িয়েই অনুষ্ঠান উপভোগ করতে মণ্ডপে যান ও খাবারের জায়গায় পৌঁছান। সে সময় মণ্ডপের চারপাশে জুতো-স্যান্ডেল ভাসতে থাকার মতো এক অদ্ভুত ও স্মরণীয় দৃশ্য তৈরি হয়।
উল্লেখ্য, গত বেশ কয়েক দিন ধরে ইন্দোরে অবিরাম বৃষ্টিপাত চলছে। এমনকি চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহেই সেখানে পুরো মাসের গড় বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি রেকর্ড করা হয়েছে। এই অতিবর্ষণেই পুরো শহর জুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার হাত থেকে রেহাই পায়নি এই বিয়ের ভেন্যুও। একপর্যায়ে মণ্ডপের চারপাশে প্রায় দেড় থেকে দুই ফুট পানি জমে যায়।
দুর্যোগপূর্ণ আবহাওয়াকেও যেভাবে হাসিমুখে জয় করে এই যুগল তাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রেখেছেন, তা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। অনেকে একে ‘কখনো ভুলে না যাওয়ার মতো এক বর্ষাকালীন বিয়ে’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, ভারী বৃষ্টিতে ইন্দোরের বিয়ের ভেন্যু হয়তো ডুবে গেছে, কিন্তু এই মুহূর্তের জাদু ধুয়ে মুছে যায়নি। বর তাঁর কনেকে কোলে তুলে বিয়ের রীতি পালন করছেন- ভালোবাসা সত্যিই বাতাসে ভাসছে। আরেকজন মন্তব্য করেছেন, ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে, কিন্তু সংকল্পবদ্ধ বর কনেকে কোলে করে মণ্ডপে নিয়ে গেছেন। ভালোবাসা এবং সহনশীলতারই জয় হলো।
সূত্র: এনডিটিভি
এসএএইচ








