চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
শনিবার (১১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি মেডিকেল টিমের মাধ্যমে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
আইএসপিআর জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
টিটি/কেএসআর







