বরগুনার পাথরঘাটায় বন বিভাগের সংরক্ষিত বনে বৃক্ষরোপণ করতে যাওয়ার পথে বলেশ্বর নদীতে ইঞ্জিনচালিত ট্রলার ডুবে মো. জাহাঙ্গীর (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা বন বিভাগের এক কর্মীসহ অপর আটজন স্থানীয় জেলেদের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পদ্মা এলাকা সংলগ্ন বলেশ্বর নদীতে এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ জাহাঙ্গীর পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার বাসিন্দা ও সায়েদ মিয়ার ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বন বিভাগের সংরক্ষিত একটি বনে গাছের চারা রোপণের উদ্দেশ্যে বন বিভাগের এক কর্মচারী এবং আটজন শ্রমিক একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলারে করে রওনা দেন। ট্রলারটিতে গাছের চারাও ছিল। বলেশ্বর নদীতে প্রবেশের পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা নয়জনের মধ্যে আটজন স্থানীয় জেলেদের সহায়তায় সাঁতরে তীরে উঠতে পারলেও জাহাঙ্গীর নিখোঁজ হন। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আরও পড়ুন
উজিরপুরে ট্রলার ডুবে ৩ শ্রমিক নিখোঁজ
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বলেশ্বর নদীতে ট্রলারডুবির ঘটনায় এক শ্রমিক নিখোঁজ হওয়ায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান খান জাগো নিউজকে বলেন, সংরক্ষিত বনে বৃক্ষরোপণের জন্য যাওয়ার সময় বন বিভাগের একজন কর্মী ও আটজন শ্রমিককে বহনকারী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে গাছের চারাও ছিল। সবাই নিরাপদে তীরে ফিরতে পারলেও জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং কোস্ট সদস্যরাও রওনা করেছেন।
নুরুল আহাদ অনিক/এসজেডএইচ/এএসএম








