বরগুনায় নিখোঁজের দুই দিন পর শিপন হাওলাদারের (২৫) বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিহত শিপন হাওলাদার কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমড়াঝুড়ি এলাকার বাসিন্দা সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর সোমবার (১৩ জুলাই) দুপুরে নিজ বসতঘরের দক্ষিণ পাশে বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় শিপনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্তব্ধ স্বজনেরা এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।