বড়লেখায় চা-পাতাবাহী একটি ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি ডাবল সার্কিট লাইনের খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৫টার দিকে কুলাউড়া-চান্দগ্রাম সওজ সড়কের দক্ষিণভাগ রতুলিবাজারের দক্ষিণের সড়কের পাশে। এতে পল্লীবিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের আওতাধীন প্রায় ৮০ হাজার গ্রাহককে দীর্ঘ ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জানা গেছে, পল্লীবিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের আওতাধীন রতুিলবাজার এলাকায় ফতেহাবাদ চা-বাগানের কাঁচা চা-পাতাবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বড়লেখা-দাসেরবাজার ৩৩ কেভি ডাবল সার্কিট লাইনের একটি খুঁটিতে আঘাত হানে। এর ফলে ৩৩ কেভি ডাবল সার্কিটের একটি ৪৫ এসপিসি খুঁটি ও সংলগ্ন ১১ কেভি ব্যাকবোন লাইনের একটি ৩৫ এসপিসি খুঁটি ভেঙে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বড়লেখা-১ ও দাসেরবাজার উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় পড়ে। ফলে ১৩ ঘণ্টা সমিতির আওতাধীন প্রায় ৮০ হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। লাইন মেরামত শেষে সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতি।