বড়লেখায় গোপনে বিয়ে করায় সুফিয়ান আহমদ নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। অপমান-অপদস্থ, মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে ওই যুবক বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় সোমবার নিহতের বাবা থানায় হত্যা মামলা করেছে। এতে ১১ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জানা যায়, উপজেলার রাঙাউটির সুফিয়ান আহমদ গল্লাসাঙ্গন গ্রামের আব্দুল করিমের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন। ওই সুবাদে ইসলাম উদ্দিনের মেয়ে লিজা বেগমের সঙ্গে সুফিয়ানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২৮ এপ্রিল এফিডেভিটের মাধ্যমে তারা গোপনে বিয়ে করেন। এদিকে লিজার অভিভাবকরা অন্যত্র বিয়ের ঠিক করলে খবর পেয়ে সুফিয়ান তাদের বিয়ের বিষয়টি প্রকাশ করেন। এতে লিজার পরিবার ক্ষিপ্ত হয়ে সুফিয়ানকে নানাভাবে হুমকি দিতে থাকেন।
২৭ জুন লিজাকে দিয়ে সুফিয়ানকে ফোন করে তাদের বাড়িতে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। নির্যাতনের একপর্যায়ে সুফিয়ান বিষপান করেন। ২ জুলাই রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।








