বড়লেখায় প্রেমের গোপন বিয়ের বলি হলেন মো. সুফিয়ান আহমদ নামে এক যুবক। বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সকালে সিলেট কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে। নিহত মো. সুফিয়ান আহমদ উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের আব্দুল করিমের মেয়ে লিজা বেগমের সঙ্গে গল্লাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সুফিয়ান আহমদের দীর্ঘদিন ধরে প্রেমপ্রণয় চলছিল। ২৮ এপ্রিল এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের ব্যাপারটি উভয়ের পরিবারে তারা গোপন এবং লিজা বাবার বাড়িতে অবস্থান করেন। সম্প্রতি লিজার বাবার বাড়ির লোকজন গোপন বিয়ের বিষয়টি জেনে সুফিয়ানের ওপর ক্ষিপ্ত হন। ২৭ জুন রাতে লিজাকে দিয়ে ফোন করিয়ে তাকে তাদের বাড়িতে নেন। সেখানে যাওয়ার পর লিজার বাবার বাড়ির লোকজন তার ওপর অমানুষিক নির্যাতন চালান। একপর্যায়ে সুফিয়ানের মুখে বিষ ঢেলে দেন। বিষক্রিয়ায় আহত জানিয়ে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটায় পরদিন ২৮ জুন স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে সেখানে তার মৃত্যু ঘটে। নিহত সুফিয়ানের বাবা ইসলাম উদ্দিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে।